বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানো এবং উত্তেজনা অব্যাহত থাকায় এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারে টানা কয়েক দিন ধরে দাম বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৫১ মিনিটে, অর্থাৎ বাংলাদেশ সময় ৬টা ৫১ মিনিটে জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড তেলের দাম ৪৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছায়। এর আগের সেশনে এই দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। এটি টানা সপ্তম দিনের মতো মূল্যবৃদ্ধির ধারা।
অন্যদিকে, একই সময় জুন মাসে সরবরাহযোগ্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫৮ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৯৬ ডলারে দাঁড়ায়। এর আগের সেশনে এই দাম ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংলাপ তারা গণমাধ্যমের মাধ্যমে চালাতে আগ্রহী নয়। এক বিবৃতিতে বলা হয়, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রকাশ্য আলোচনার মাধ্যমে কোনো কূটনৈতিক সমাধান করা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট—দেশটির স্বার্থ রক্ষা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই আলোচনার মূল শর্ত। সেই লক্ষ্য পূরণ ছাড়া কোনো চুক্তিতে যাবে না ওয়াশিংটন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও অস্থির হতে পারে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।