দেশব্যাপী চলমান জ্বালানি সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আজ সোমবার (২০ এপ্রিল) থেকে দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানো হয়েছে।
বিপিসির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের গড় বিক্রির ওপর ভিত্তি করে ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে বাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে এবং বর্তমান চাহিদা মোকাবিলায় বিপিসির তিন বিপণন কোম্পানি, পদ্মা, মেঘনা ও যমুনাকে বাড়তি হারে তেল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন ১৩ হাজার ৪৮ টন ডিজেল, ১ হাজার ৫১১ টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ টন অকটেন বাজারে সরবরাহ করা হবে। আগে যেখানে দৈনিক ডিজেল সরবরাহ ছিল ১১ হাজার ৮৬২ টন, পেট্রোল ১ হাজার ৩৭৪ টন এবং অকটেন ১ হাজার ১৮৫ টন।
বিপিসির তথ্য বলছে, এপ্রিল মাসের প্রথম ১৮ দিনে দেশে মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে ডিজেলের চাহিদাই ছিল সবচেয়ে বেশি ২ লাখ ৮২২ টন। একই সময়ে পেট্রোল বিক্রি হয়েছে ২২ হাজার ৫৫৫ টন এবং অকটেন ২০ হাজার ৪১২ টন।
বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধি ও ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে সাম্প্রতিক সময়ে দেশের জ্বালানি বাজারে চাপ তৈরি হয়। এর প্রেক্ষিতে গত শনিবার সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি সংশ্লিষ্ট সূত্র জানায়, সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্ত বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।