রবিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

শাহরুখ খানের আদর্শে অনুপ্রাণিত থালাপতি বিজয়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫

সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারকা শাহরুখ খানের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার কথা প্রকাশ করেছেন। বিজয়ের এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

চেন্নাইয়ে একটি বড় রাজনৈতিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আয়োজনের ফাঁকে ভারতের জাতীয় একটি গণমাধ্যমকে দেওয়া প্রায় ৪৫ মিনিটের সাক্ষাৎকারে বিজয় তাঁর অভিনয়জীবন, জনজীবন এবং রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেন। মানুষের সমস্যা ও রাজনীতি নিয়ে আলোচনার এক পর্যায়ে তিনি জানান, তাঁর জীবনে যাঁরা অনুপ্রেরণা হয়ে উঠেছেন, তাঁদের মধ্যে সবার আগে শাহরুখ খানের নামই আসে।

বিজয়ের ভাষায়, শাহরুখ খান শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি একজন আদর্শ মানুষ। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করার ক্ষমতা, নিজের বক্তব্য স্পষ্টভাবে উপস্থাপন এবং জনসমক্ষে নিজেকে যেভাবে তুলে ধরেন—এই গুণগুলোই দীর্ঘদিন ধরে তাঁকে প্রভাবিত করে আসছে। যদিও শাহরুখের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে রাজনীতি-কেন্দ্রিক এই সাক্ষাৎকারে এমন মন্তব্য আলাদাভাবে নজর কাড়ে।

উল্লেখ্য, দুজনের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি নতুন নয়। শাহরুখ খানের অভিনীত ‘জওয়ান’ ছবির শুটিং চলাকালে চেন্নাইয়ে তাঁদের একসঙ্গে দেখা হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

সাক্ষাৎকারে বিজয় তাঁর আসন্ন সিনেমা ‘জনা নায়াগান’ নিয়েও কথা বলেন। তিনি জানান, রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার কারণেই ছবিটির মুক্তি বর্তমানে আটকে রয়েছে। এ কারণে প্রযোজক যে সমস্যায় পড়েছেন, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তবে একই সঙ্গে বিজয় বলেন, রাজনীতিতে আসার পর এমন চ্যালেঞ্জ আসবে—এটা তিনি আগেই অনুমান করেছিলেন এবং এই পরিস্থিতিতে তিনি মাথা নত করবেন না।

এইচ ভিনোথ পরিচালিত ‘জনা নায়াগান’ ছবিতে বিজয়ের সঙ্গে অভিনয় করছেন ববি দেওল, পূজা হেগড়ে, মামিথা বাইজু, গৌতম মেনন ও প্রকাশ রাজ। ছবিটির সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top