লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:০০

সংগৃহীত

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সুরাটে অনুষ্ঠিত ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ (আইএসপিএল) ম্যাচে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। বেঙ্গালুরু স্ট্রাইকার্স ও দিল্লি সুপারহিরোসের মধ্যকার ম্যাচে উপস্থিত হয়ে তিনি তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে কথা বলেন এবং ছবির টিজারের কারণে সামাজিক মাধ্যমে ট্রলের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানান।

গত মাসে মুক্তি পাওয়া ছবিটির এক মিনিটের টিজারে সালমানকে লাঠি হাতে সৈন্যদের যুদ্ধের জন্য একত্রিত করতে দেখা যায়। শত্রু পক্ষের সৈন্যরা বন্দুক নিয়ে এগিয়ে আসার সময়ও তিনি দৃঢ়ভাবে নিজের অবস্থান ধরে রাখছেন। তবে টিজারে তার লুক ও দৃষ্টিভঙ্গি নিয়ে নেটিজেনদের একাংশ মজা করে এটিকে ‘রোমান্টিক’ বলেছে।

আইএসপিএল ম্যাচ চলাকালীন সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ তাকে সেই দৃশ্য পুনরায় তুলে ধরতে একটি ব্যাট দিয়ে অনুরোধ করেন। তখন হাসিমুখে ট্রলের প্রসঙ্গ স্বীকার করে সালমান বলেন,

“এখন কিছু লোক মনে করে এটা রোমান্টিক লুক। কিন্তু আমি একজন কর্নেল, ভাই। এটি একজন কর্নেলের লুক—যিনি জানেন কীভাবে তার দল ও সৈন্যদের অনুপ্রাণিত করতে হয় এবং আশা জাগাতে হয়। আমি চাইলে অন্য ধরনের লুকও দিতে পারি (গর্জন), কিন্তু তার কোনো মানে নেই। গালওয়ানের যুদ্ধের ক্ষেত্রে সেটার কোনো মানে নেই।”

‘ব্যাটল অব গালওয়ান’ পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। ছবিটি সালমান খান ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন অভিনেতা নিজেই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে চিত্রাঙ্গদা সিং গুরুত্বপূর্ণ চরিত্রে সালমানের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top