সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নাটকীয় গ্রেফতার ও কারাগারের অভিজ্ঞতা সম্পর্কে যা বললেন নুসরাত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০:০৯

সংগৃহীত

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ‘হত্যাচেষ্টা’ সংক্রান্ত মামলায় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া আসামি হন। ২০২৫ সালের ১৮ মে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন এবং ভাটারা থানার কাছে হস্তান্তর করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সম্প্রতি রুম্মান রশিদ খানের পডকাস্টে নুসরাত ফারিয়া জানান, বিমানবন্দর থেকে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়া এবং পরবর্তী ৪৮ ঘণ্টা কারাবাস তার জীবনের অনেক চেনা মানুষকে নতুনভাবে চিনিয়ে দিয়েছে। তিনি বলেন, “ইমিগ্রেশনে যাওয়ার আগ পর্যন্ত ভাবিনি এমন কিছু হতে পারে। পুলিশ যখন আমাকে ডিটেনশন রুমে নিয়ে গেল, তখন বুঝতে পারলাম আমি গ্রেফতার হতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে আমার পৃথিবী থমকে গিয়েছিল।”

জেল অভিজ্ঞতার সময় তিনি সঙ্গীদের আচরণে বড় পরিবর্তন লক্ষ্য করেন। তাঁর সবচেয়ে কাছের বন্ধুরাও সামাজিক মাধ্যম থেকে তার সঙ্গে থাকা ছবি সরিয়ে দেন এবং অনেকে যোগাযোগ বন্ধ করে দেন। নুসরাত ফারিয়া বলেন, “এই মাত্র ৪৮ ঘণ্টাই আমাকে বুঝিয়ে দিয়েছে— কে আমার আপন, আর কে পর। যাদের জন্য বছর ধরে সবকিছু উজাড় করেছি, তাদের অস্তিত্বও নতুন করে চিনেছি।”

তবে তিনি জানালেন, জেলে থাকা সময়ে জেলারের সহানুভূতি ও ভালোবাসা পেয়েছেন। নুসরাত ফারিয়া বলেন, “ইভেন ইনসাইড দেম… জেলের ভেতরে সবাই আমাকে অত্যন্ত সম্মান ও ভালোবাসা দিয়ে ট্রিট করেছে। কোনো ধরনের অবমাননা হয়নি, বরং আমি ভালোবাসাই পেয়েছি।”

অভিনেত্রী আরও উল্লেখ করেছেন, এই অভিজ্ঞতা তাকে জীবনের বড় শিক্ষা দিয়েছে এবং সম্পর্ক, বন্ধুত্ব ও আত্মীয়তায় বড় পরিবর্তন দেখিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top