মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

বক্স অফিসে ঝড় তুলেই ফিরলেন রানি মুখার্জি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬

সংগৃহীত

দীর্ঘ বিরতির নীরবতা ভেঙে বজ্রঝড়ের মতোই বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। দর্শকের অপেক্ষা ও সমালোচকদের কৌতূহল ছাপিয়ে গত শুক্রবার মুক্তি পাওয়া ‘মারদানি থ্রি’ শুরু থেকেই জানিয়ে দিয়েছে—এই কামব্যাক মোটেও সাধারণ নয়। মুক্তির প্রথম দুই দিনেই ভারতের বক্স অফিসে ১০ কোটি রুপি আয় করে ছবিটি প্রমাণ করেছে, রানি ফিরেছেন ঝড় তুলতেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ক্রাইম অ্যাকশন থ্রিলারটি মুক্তির প্রথম দিন আয় করে ৪ কোটি রুপি। দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে দ্বিতীয় দিন শনিবার আয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বক্স অফিস ট্র্যাকিং সংস্থা ‘স্যাকনিল্ক’-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বিতীয় দিনে সিনেমাটি সংগ্রহ করেছে ৬ কোটি রুপি। ফলে মাত্র দুই দিনেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১০ কোটি রুপিতে।

‘মারদানি থ্রি’ রানি মুখার্জির জনপ্রিয় ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির ওপেনিং রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। এর আগে ‘মারদানি টু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৩ কোটি ৮০ লাখ রুপি, আর সিরিজের প্রথম ছবি ‘মারদানি’ আয় করেছিল ৩ কোটি ৪০ লাখ রুপি। সেই তুলনায় তৃতীয় কিস্তিটি ব্যবসায়িকভাবে বেশ শক্ত অবস্থান তৈরি করেছে।

বড় বাজেটের সিনেমা ও প্রতিকূল প্রতিযোগিতা উপেক্ষা করেই বক্স অফিসে নিজের জায়গা ধরে রেখেছে ‘মারদানি থ্রি’। সানি দেওলের সুপারহিট ‘বর্ডার টু’ যেখানে মাত্র নয় দিনেই ২৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে, সেখানেও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই থ্রিলারটি আলাদা করে নজর কাড়ছে। যুদ্ধ ও বিস্ফোরণের ভিড়েও শক্ত গল্প ও দৃঢ় অভিনয়ের মাধ্যমে দর্শককে টানছে ‘মারদানি থ্রি’।

সব মিলিয়ে বলা যায়, রানী মুখার্জির এই প্রত্যাবর্তন যে দীর্ঘ দৌড়ের ঘোড়া—তা বক্স অফিসের প্রথম সপ্তাহেই স্পষ্ট হয়ে উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top