মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

অবসরের রেশ কাটতে না কাটতেই অরিজিতের বাড়িতে হাজির আমির খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮

সংগৃহীত

ভারতীয় প্লেব্যাক গায়ক অরিজিত সিংয়ের অবসরের ঘোষণার রেশ কাটতে না কাটতেই তার গ্রামের বাড়িতে হাজির হয়েছেন বলিউড অভিনেতা আমির খান। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে অরিজিতের পৈতৃক নিবাসে আমিরের আকস্মিক সফর বিনোদন জগতে নতুন গুঞ্জন সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে জিয়াগঞ্জের নিহালিয়া পাড়ায় অরিজিতের বাড়িতে পৌঁছান আমির খান। আজিমগঞ্জ-জিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাতটি অরিজিতের বাড়িতেই কাটিয়েছেন আমির, এবং সোমবার রাতে মুম্বাই ফিরে যাওয়ার কথা রয়েছে।

অমিরের আগমনকে কেন্দ্র করে অরিজিতের বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যেই অরিজিতের বাড়ির ছাদে হাসিমুখে ঘুড়ি উড়াচ্ছেন আমির খান। পাশ্ববর্তী বাড়ির ছাদগুলোতে ভিড় জমিয়েছেন স্থানীয় ভক্তরা। আমিরও হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিয়েছেন।

যদিও অরিজিত ও আমিরের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্টদের মতে, কয়েক দিন আগে অরিজিত হঠাৎ করেই চলচ্চিত্র ও প্লেব্যাক সংগীত থেকে অবসরের ঘোষণা দেন। তার এই সিদ্ধান্তের পর ভক্তদের মধ্যে হতাশা বিরাজ করছে, এবং অনেকেই আমিরের এই ঝটিকা সফরকে অরিজিতকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ হিসেবে দেখছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top