শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন নুসরাত ফারিয়া
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:১৬
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার রসায়ন নিয়ে একসময় শোবিজ অঙ্গনে কম আলোচনা হয়নি। পর্দায় মাত্র একটি সিনেমা ‘শাহেনশাহ’-এ একসঙ্গে দেখা গেলেও বিজ্ঞাপন, স্টেজ শো ও নানা ইভেন্টে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি ভক্তদের মনে জন্ম দিয়েছিল নানা প্রশ্ন। অনেকেরই কৌতূহল ছিল—শাকিব খানের সঙ্গে কি গোপনে প্রেমে জড়িয়েছিলেন নুসরাত ফারিয়া?

অবশেষে সেই পুরোনো গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসব জল্পনা স্পষ্টভাবে নাকচ করে দেন তিনি। ফারিয়া বলেন,
“না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।”
তার এই বক্তব্যে শাকিব-ফারিয়া জুটির ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের গুঞ্জনে কার্যত ইতি টানলেন তিনি।

‘শাহেনশাহ’ সিনেমার পর কেন আর এই জুটিকে বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি—এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়। তিনি বলেন,
“এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত। তবে এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।”
পডকাস্টে শাকিব খান প্রসঙ্গের পাশাপাশি নুসরাত ফারিয়া খোলামেলা কথা বলেন নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়েও। এছাড়া দুই দিনের কারাবন্দি জীবনের ভয়ংকর অভিজ্ঞতার কথাও শেয়ার করেন তিনি, যা শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোড়ন তোলে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।