অর্জুন কাপুরের আবেগঘন পোস্টে সমবেদনা জানালেন মালাইকা অরোরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪৫
বলিউডের ঝলমলে আড়ালের পেছনের আবেগ আবারও প্রকাশ পেল নেটদুনিয়ায়। একসময় “পাওয়ার কাপল” হিসেবে পরিচিত অর্জুন কাপুর ও মালাইকা অরোরা বিচ্ছেদের বহু বছর পেরিয়েও দেখা গেল, তাদের সম্পর্কের সুতো এখনও পুরোপুরি ছেঁড়া যায়নি।
সম্প্রতি প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে অর্জুন একটি হৃদয়স্পর্শী পোস্ট শেয়ার করেছেন। পোস্টে তিনি লিখেছেন, “তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।” অভিনেতা জীবনের এই কঠিন মুহূর্তে ভেঙে না পড়ার অঙ্গীকারও করেছেন, সঙ্গে যোগ করেছেন, “আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই দেখা হবে এবং একসঙ্গে জন্মদিন উদ্যাপন করব।”
অর্জুনের আবেগঘন পোস্টে উপস্থিতি দিয়ে সমর্থন জানিয়েছেন মালাইকা অরোরা। কোনো শব্দ খরচ না করে তিনি একটি ‘লাল হৃদয়’ ইমোজি দিয়ে প্রাক্তন প্রেমিকের প্রতি সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেছেন। যদিও বিচ্ছেদের পর মালাইকার নাম অন্য কারও সঙ্গে জড়িয়েছে, কঠিন সময়ে তিনি অর্জুনের পাশে দাঁড়াতে ভুললেন না।
এছাড়া অর্জুনের পোস্টে সমবেদনা জানিয়েছেন জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সঞ্জয় কাপুরসহ অনেক বলিপাড়ার তারকা। ভক্তরা তার মানসিক স্বাস্থ্যের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন এবং অনুরোধ জানিয়েছেন, অকারণে তাকে ট্রোলিং করা বন্ধ করা হোক। কেউ কেউ সতর্ক করে লিখেছেন, যদি অর্জুন কোনো খারাপ সিদ্ধান্ত নেন, তবে তার জন্য দায়ী হবেন সমালোচকরাই।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।