দিশার সেই প্রেমিকের 'চেহারা' ফাঁস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৫৩
বলিউড অঙ্গনে সম্প্রতি অভিনেত্রী দিশা পাটানি ও পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এর চেয়েও বেশি আলোচনায় এসেছে তালবিন্দরের মুখোশহীন ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা। নিজের মুখ সবসময় মুখোশে আড়াল করে রাখাই ছিল তার ‘সিগনেচার স্টাইল’। কিন্তু সেই মুখোশ খুলে যাওয়া মুহূর্তই যেন আমূল বদলে দেয় গায়কের জীবন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন তালবিন্দর সিং সিধু। তিনি বলেন, “একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি, আমার মুখোশহীন ভিডিও পুরো নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে। তখন আমার মানসিক অবস্থা কী ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমার মনে হচ্ছিল, কেউ যেন আমার মুখটাই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। মানসিকভাবে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম।”
তালবিন্দর জানান, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে তার ভিডিও ভাইরাল হতে থাকে। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “কিছু মানুষ সামান্য ভিউয়ের জন্য ভিডিও বানাচ্ছেন, মন্তব্য করছেন। এতে বোঝা যায়, তারা আসলে কেমন মানসিকতার মানুষ।”
উল্লেখ্য, এর আগে অভিনেত্রী কৃতি শ্যাননের বোন নূপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানে দিশা পাটানি ও তালবিন্দর সিংকে একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই অনুষ্ঠান থেকেই মুখোশ ছাড়া তালবিন্দরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়।
এ ঘটনায় তালবিন্দর ও দিশা পাটানির সম্পর্ক নিয়েও শুরু হয় জোর গুঞ্জন। বিষয়টি নিয়ে মুখ খুলে গায়ক বলেন, “আমরা এখন একে অপরকে জানার ও বোঝার চেষ্টা করছি। এই মুহূর্তে বোঝাপড়ার পর্যায়ে রয়েছি। তাই এ নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। গুজব যারা ছড়াতে চান, তারা যা খুশি করতে পারেন— আমার কিছু আসে যায় না।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।