রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

মারা গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১

মিলন কান্তি দে। ছবি: সংগৃহীত

বাংলাদেশের যাত্রাশিল্প এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। প্রথিতযশা যাত্রাশিল্পী ও লেখক মিলন কান্তি দে আর নেই। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটে চট্টগ্রামের পটিয়া উপজেলার নিজ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মিলন কান্তি দের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাশিল্প গবেষক আমিনুর রহমান সুলতান। তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরিবারের সদস্যদের সান্নিধ্যেই নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

সৎকারের বিষয়ে এখনো পারিবারিকভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে।

১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন মিলন কান্তি দে। যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই তিনি কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকেননি—একই সঙ্গে গবেষণা ও লেখালেখিতেও নিজেকে নিবেদিত রেখেছেন। যাত্রাশিল্পের ইতিহাস, কাঠামো এবং শিল্পীদের জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা নিয়ে তিনি রচনা করেছেন একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ; যার মধ্যে রয়েছে তার আত্মজীবনীও।

শিল্পী ও লেখকসত্তার এক বিরল সমন্বয় ছিলেন মিলন কান্তি দে। যাত্রামঞ্চে সক্রিয় উপস্থিতির পাশাপাশি কলমের মাধ্যমে তিনি যাত্রাশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন গভীর দায়িত্ববোধ ও মমতায়। আমৃত্যু যাত্রার সঙ্গে যুক্ত থেকে এই লোকজ শিল্পধারাকে সমৃদ্ধ করে গেছেন তিনি।

এই বরেণ্য শিল্পীর প্রয়াণে দেশের যাত্রাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, শিষ্য ও সংস্কৃতিমনস্ক মানুষের কাছে তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবেই বিবেচিত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top