রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

কঙ্গনার প্রেমপ্রস্তাবেও মন গলেনি অক্ষয় খান্নার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

বলিউড অভিনেতা অক্ষয় খান্না বর্তমানে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। যৌবনে নায়ক চরিত্রে একাধিক সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ালেও কাঙ্ক্ষিত সাফল্য তখন পাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন অক্ষয়। বিশেষ করে ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যে তার কেরিয়ার নতুন মাত্রা পেয়েছে। তবুও ব্যক্তিজীবনে কোথাও যেন এক শূন্যতা রয়ে গেছে।

অক্ষয় খান্না বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে নিভৃতচারী। একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। বিয়ে করে কারও দায়িত্ব নিতে চান না— এ কথা একাধিকবার প্রকাশ্যেই জানিয়েছেন অভিনেতা। তবে একটা সময় অভিনেত্রী কঙ্গনা রানাউত অক্ষয়ের সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন বলে জানান।

বেশ কয়েক বছর আগে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ সঞ্জয় দত্ত ও অনিল কাপুরের সঙ্গে অতিথি হয়ে এসে কঙ্গনা রানাউত নিজেই সে কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে তিনি জানান, ‘নো প্রবলেম’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় অক্ষয় খান্নার প্রতি তার অনুরাগ জন্মায়।

কঙ্গনা বলেন, অক্ষয়ের সঙ্গে প্রথমে আলাপ জমিয়ে পরে প্রেমের প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। একাধিকবার কথা বলার উদ্যোগ নিলেও অক্ষয় তার সঙ্গে বিশেষভাবে কথা বলেননি। শুধু কঙ্গনা নন, শুটিং সেটে অক্ষয় কারও সঙ্গেই খুব একটা মেলামেশা করতেন না বলেও জানান অভিনেত্রী।

কঙ্গনার ভাষ্য, “আমি ওকে দেখে কথা বলার চেষ্টা করেছি, নানা রকম প্রস্তাবও দিয়েছি। কিন্তু আমার সঙ্গে কথা পর্যন্ত বলেনি। ফলে সেই প্রেম কোনো দিন বাস্তবায়িত হয়নি।”

প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের প্রেমজীবন বরাবরই আলোচিত। অধ্যয়ন সুমন, হৃতিক রোশন ও আদিত্য পঞ্চোলীর মতো অভিনেতাদের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গেলেও কোনো সম্পর্কই স্থায়ী হয়নি।

অন্যদিকে, অক্ষয় খান্না বহুবার জানিয়েছেন, তিনি একা থাকতেই স্বচ্ছন্দ। বিয়ে ভালো জিনিস হলেও সেই বন্ধনে নিজেকে আবদ্ধ করতে চান না তিনি। তাই হয়তো কঙ্গনার সেই একতরফা ভালোবাসাও বাস্তব রূপ পায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top