গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি
চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৮
নানা প্রতিশ্রুতি ও প্রচারণার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার। এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ১২ ফেব্রুয়ারির ভোট। রাজনীতি নিয়ে এই আলোচনায় পিছিয়ে নেই শোবিজ অঙ্গনও।
এবার নির্বাচনী প্রসঙ্গে সামাজিক মাধ্যমে মন্তব্য করে আলোচনায় এসেছেন দেশের লোকসংগীত, গ্রামীণ ও বাউল গানের জনপ্রিয় শিল্পী আবদুল কুদ্দুস বয়াতি। সোমবার (৯ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’
যদিও ওই পোস্টে তিনি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করেননি। তবে তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কমেন্ট সেকশনে অনেকেই তার বক্তব্যের পক্ষে মতামত জানাচ্ছেন।
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীনও কুদ্দুস বয়াতির পোস্ট শেয়ার করে সংক্ষিপ্ত মন্তব্য করেন—‘হালাল গান’। এতে বিষয়টি আরও আলোচনায় আসে।
উল্লেখ্য, কুদ্দুস বয়াতি এর আগেও দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সামাজিক মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরে সরব ছিলেন।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ২৯ জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা এবং জাতীয় পার্টির ১৯৮ জন প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩০০ আসনের মধ্যে শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত হওয়ায় এবার ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ স্থাপন করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।