বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

নতুন সরকারের কাছে যা চান অপু-বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৩

সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার দুই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। দুজনেরই প্রত্যাশা—সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ বাংলাদেশ।

অপু বিশ্বাস নতুন সরকারের কাছে প্রধানত দুটি বিষয়কে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই।” একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের প্রত্যাশা করেন এবং আগাম শুভেচ্ছা জানান।

অন্যদিকে শবনম বুবলী জোর দিয়েছেন নাগরিক নিরাপত্তা ও লিঙ্গসমতার ওপর। তার ভাষ্য, “একজন সচেতন নাগরিক হিসেবে আমার চাওয়া থাকবে, আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে।” তিনি আশা প্রকাশ করেন, সবার সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হবে।

নির্বাচনী আবহের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন এই দুই নায়িকা। আসন্ন রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফী পরিচালিত বুবলী অভিনীত সিনেমা ‘প্রেশার কুকার’। অন্যদিকে অপু বিশ্বাসের হাতে রয়েছে কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ শিরোনামের দুটি সিনেমা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top