বৃহঃস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

অনন্ত জলিল ভোট দিয়ে দেশের ভবিষ্যৎ ও তরুণদের প্রতি বার্তা দিলেন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৪

সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন।

ভোটপ্রদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল দেশের বর্তমান পরিস্থিতি, অর্থনীতি এবং নিজের ভবিষ্যৎ চরিত্র ভাবনা নিয়ে খোলামেলা মন্তব্য করেন। রাজনীতিবিদ চরিত্রে অভিনয়ের সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাকে যদি কোনো পলিটিক্যাল ক্যারেক্টার দেওয়া হয়, আমি তা করব না। বরং সাংবাদিকের চরিত্র বেছে নেব, কারণ সাংবাদিক দেশের একমাত্র অস্ত্র, যারা ভালো ও খারাপ—উভয়ই তুলে ধরতে পারে।”

ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে অনন্ত বলেন, “আগে ভোট দিতে এলে দেখতাম প্রতিটি দলের লোক পোলিং অফিসারের কাছাকাছি দাঁড়িয়ে দেখত কে কাকে ভোট দিচ্ছে। স্বাধীনতা তখন ছিল না। এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশ, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন।”

নতুন প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “দল দেখে নয়, প্রার্থী দেখুন। যোগ্য প্রার্থীকে বেছে নিন, যিনি দেশ ভালো চালাতে পারবেন।”

একজন ব্যবসায়ী হিসেবে অনন্ত জলিল নতুন সরকারের প্রতি দেশের অর্থনীতি সচল রাখার আহ্বান জানিয়ে বলেন, “আপনার পকেটে যদি টাকা থাকে, আপনি ১০ টাকার জিনিস ১২ টাকাতেও কিনতে পারবেন। পকেটে টাকা না থাকলে ১০ টাকার জিনিসও ৮ টাকায় কেনা যাবে না। বিজনেস সেক্টরের মূল্য দিতে হবে।” তিনি আরও বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলন বা অবরোধের সংস্কৃতি দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে।

নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন, “ভোটের আগে মানুষের দরজায় যেভাবে যান, ভোটের পরেও তা ভুলবেন না। এলাকাভিত্তিক কমিটি গঠন করুন এবং চাঁদাবাজি, লুটতরাজ বা মেয়েদের প্রতি অব্যবস্থাপনা নির্মূল করুন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top