ভোট দিয়ে বাসায় ফেরার পরই না ফেরার দেশে অভিনেতা তিনু করিম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১২

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম আর নেই। বৃহস্পতিবার সকালে নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগের পর বাসায় ফিরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু, অভিনেতা ও শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

জানা গেছে, সকালে বরিশালে নিজ এলাকার একটি ভোটকেন্দ্রে ভোট দেন তিনু করিম। ভোট দিয়ে বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।

গত নভেম্বরে অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। ২৪ নভেম্বর থেকে চিকিৎসাধীন থাকার পর ৩ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে তিনি বরিশালে নিজ বাসায় ফিরে যান।

বন্ধুর মৃত্যুসংবাদ জানিয়ে ফেসবুকে শোক প্রকাশ করেন রাশেদ মামুন অপু। তিনি লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা তিনু করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল করলেন। সুস্থ হয়ে বাড়ি (বরিশাল) গেল। আজকে ভোট দিয়ে বাসায় আসার পরপরই... তোর সুস্থতার জন্য আমাদের সবার মিলিত যুদ্ধটা যখন উদযাপন করব ভাবলাম..., সেই সুযোগটাই তুই দিলি না বন্ধু।”

দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তাঁর অভিষেক ঘটে। এরপর ধারাবাহিকভাবে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন। ‘রাত জাগা ফুল’ ও ‘আলতা বানু’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান।

ব্যক্তিগত জীবনে তিনু করিম স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top