ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টাপাল্টি আক্রমণে মধ্যপ্রাচ্যজুড়ে তৈরি হয়েছে যুদ্ধাবস্থা। নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে ওই অঞ্চলের বেশিরভাগ ফ্লাইট। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খানের দুই নায়িকা— শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান।
ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ছেলে ইউভানকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। স্কুল বন্ধ থাকায় ছেলের আবদারেই এই সফর। তবে তারা পৌঁছানোর পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ইরানের বিভিন্ন শহরে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানে ইরান। ফলে পুরো অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়।
বর্তমানে ছেলে ইউভানকে নিয়ে নিরাপদ স্থানে রয়েছেন শুভশ্রী। স্থানীয় সংবাদমাধ্যমকে তাঁর স্বামী রাজ চক্রবর্তী বলেন, “শনিবারই সেখানে পৌঁছেছে ওরা। বেড়াতে গেছে। কিন্তু কাল থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। একটি জায়গায় আটকে রয়েছে। খুব চিন্তায় আছি আমরা। সঙ্গে ইউভান আছে, তাই দুশ্চিন্তাটা একটু বেশি।”
তিনি জানান, তারা দুবাইয়ের পাম জুমেইরা এলাকায় অবস্থান করছেন। হোটেলের কাছাকাছি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও উল্লেখ করেন তিনি। সরকারিভাবে বাসার বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সেখানে থাকা বন্ধু-আত্মীয়রা শুভশ্রী ও ইউভানের খোঁজখবর রাখছেন।
অন্যদিকে, মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ভারতে ফেরার অনিশ্চয়তায় তিনি ভারত সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য, ‘জান্নাত’খ্যাত এই অভিনেত্রীও বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।
প্রসঙ্গত, শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান— দুজনেই শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেছেন। ‘নবাব’ ও ‘চালবাজ’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন শুভশ্রী। আর ‘দরদ’ ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সোনাল চৌহান।
পরিস্থিতির উন্নতি হলে তারা দ্রুত দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ সংশ্লিষ্টরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।