মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

এবার মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:৪৩

সংগৃহীত

ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় ২৫ জানুয়ারির সেই সাংস্কৃতিক সন্ধ্যা এখন আইনি লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে। পারফর্ম করার সময় সময়সূচি না মানা, আয়োজকদের সঙ্গে তর্ক-বিতর্ক, এবং হেনস্তার অভিযোগ— সব মিলিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

ঘটনার প্রাথমিক রেশ কাটার আগেই আয়োজক তনয় শাস্ত্রী মিমির বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের দাবিতে আইনি নোটিশ পাঠান। এবার এই বিষয় নতুন মোড় নিল—আয়োজক পক্ষ সরাসরি মিমির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সূত্রের খবর, তনয় শাস্ত্রীর পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করেছেন। মামলায় ২০ লাখ রুপি ক্ষতিপূরণ এবং আগের অগ্রিম ২ লাখ ৬৫ হাজার রুপি ফেরত চাওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ওইদিন মিমি চক্রবর্তী বনগাঁয়ের একটি অনুষ্ঠানে গান গাইবেন বলে ঠিক ছিল। আয়োজকদের দাবি, রাত ১০:৩০-এ অনুষ্ঠান শুরুর কথা থাকলেও মিমি মঞ্চে উঠেন রাত ১১:৪৬-এ। পুলিশ প্রশাসনের অনুমতি অনুযায়ী রাত ১২টা পর্যন্ত মাইক বাজানো যায়, তাই তাকে দ্রুত অনুষ্ঠান শেষ করতে বলা হয়। ক্ষিপ্ত হয়ে মিমি সামাজিক মাধ্যমে আয়োজকদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হেনস্তার অভিযোগ তুলেন। আয়োজকরা দাবি করেছেন, এই মিথ্যা অভিযোগের কারণে তনয় শাস্ত্রীকে পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল।

অন্যদিকে, মিমি চক্রবর্তী অভিযোগ অস্বীকার করে পাল্টা ২ কোটি রুপি মানহানি মামলা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি নির্ধারিত সময়েই অনুষ্ঠানস্থলে পৌঁছেছিলেন। কিন্তু সেখানে মেকআপ রুম না থাকায় নিরাপত্তার অভাবে গাড়িতে অপেক্ষা করতে বাধ্য হন। পরে মঞ্চে উঠলেও তাকে মাত্র দুটি গান গাইতে দেওয়া হয়। এছাড়া আয়োজকদের পক্ষ থেকে তাকে অশালীন আচরণের শিকার হতে হয় বলেও তিনি দাবি করেছেন।

বর্তমানে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলার বিষয়টি আদালতে গড়িয়েছে। তনয় শাস্ত্রীর আইনজীবীর দাবি, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকায় মিমির সঙ্গে কোনো অশালীন আচরণ হয়নি, যা ভিডিও ফুটেজে প্রমাণ রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top