মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

সহশিল্পীকে মারধরের অভিযোগ উঠেছে তানজিন তিশার বিরুদ্ধে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৭:২২

সংগৃহীত

মানিকগঞ্জে নাটকের শুটিং সেটে সহশিল্পীকে মারধরের গুরুতর অভিযোগ উঠেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-এর বিরুদ্ধে। অভিযোগ করেছেন অভিনেত্রী সামিয়া অথৈ।

জানা গেছে, পরিচালক রাফাত মজুমদার রিংকু-র নতুন একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। নাটকটিতে আরও অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, মোমেনা এবং মীর রাব্বী।

অভিযোগ সূত্রে জানা যায়, তানজিন তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া অথৈ। তবে তিশা সেই উপহার নিতে অস্বীকৃতি জানান বলে দাবি করা হয়েছে। এতে অথৈ বিব্রত ও হতবাক হয়ে পড়েন।

মূল ঘটনা ঘটে গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের শুটিংয়ের সময়। অভিযোগ অনুযায়ী, দৃশ্য ধারণ চলাকালে তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে সজোরে খামচি দেন, ফলে তার হাত ছুলে রক্ত বের হয়। যদিও বিষয়টি অত্যন্ত অপমানজনক ও যন্ত্রণাদায়ক ছিল, তবুও সে সময় অথৈ প্রতিবাদ না করে চুপ থাকেন বলে জানা গেছে।

ঘটনাটি মনিটরে বসে প্রত্যক্ষ করেন শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। পরে সেলিম অথৈয়ের কাছে জানতে চান, তাদের মধ্যে আগে কোনো বিরোধ ছিল কি না। তখন অথৈ অভিযোগ করেন, এর আগেও তিনি হুমকির মুখে পড়েছিলেন।

অথৈর দাবি, অভিনেতা মুশফিক আর ফারহান-এর সঙ্গে কাজ করার সময় তানজিন তিশা তাকে ফোন করে ওই অভিনেতার সঙ্গে কাজ না করার জন্য হুমকি দেন। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েল-সহ আরও কয়েকজনকেও একইভাবে নিষেধ করা হয় বলে অভিযোগ। কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তার ‘জামাই’। পরবর্তীতে বিষয়টি ফারহানকে জানিয়ে অথৈ তার সঙ্গে আর কাজ করেননি।

সামিয়া অথৈর অভিযোগ, পুরোনো সেই ক্ষোভ থেকেই শুটিংয়ের সুযোগ নিয়ে তানজিন তিশা এই শারীরিক নির্যাতন চালিয়েছেন।

তবে এ বিষয়ে তানজিন তিশার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top