বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পরকীয়া অভিযোগে থালাপতি বিজয়ের দাম্পত্যে ভাঙন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়, যিনি ‘থালাপতি’ নামেই অধিক পরিচিত, অভিনয় থেকে বিরতি নিয়ে বর্তমানে রাজনীতিতে সক্রিয়। তবে ব্যক্তিগত জীবন নিয়েই এখন বেশি আলোচনা। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যের ইতি টানতে যাচ্ছেন তার স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম— এমন খবর ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা অভিযোগ করেছেন যে, বিজয় এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। তার দাবি, ২০২১ সালে তিনি বিষয়টি জানতে পারেন এবং এখনও সেই সম্পর্ক অব্যাহত রয়েছে। যদিও অভিযোগপত্রে ওই অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়নি।

সংগীতার আরও অভিযোগ, সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেছেন বিজয় এবং সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে তোলা ছবি প্রকাশ পেয়েছে। এতে তিনি ও তাদের দুই সন্তান মানসিকভাবে অপমানিত বোধ করছেন। পাশাপাশি ব্যক্তিগত ও আর্থিক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন তিনি।

অভিনেত্রীর নাম প্রকাশ না হওয়ায় সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে তৃষা কৃষ্ণান-কে ঘিরে। অতীতে বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গিলি’ ছবিতে একসঙ্গে কাজের সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়। যদিও বিষয়টি নিয়ে সে সময় জলঘোলা হলেও পরে তা থেমে যায়।

এরপর ২০০৮ সালে ‘কুরুভি’ সিনেমায়ও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। তারপর আর কোনো ছবিতে তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

সম্প্রতি তৃষার নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে লেখা ছিল— “আমি খুবই অধিকারপ্রিয়, তোমাকে কারও সঙ্গে ভাগ করে নেব না।” অনেকেই এটি ইঙ্গিতপূর্ণ বার্তা হিসেবে দেখলেও পরে জানা যায়, অ্যাকাউন্টটি তৃষার অফিসিয়াল নয়।

তবে পুরো বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি বিজয় বা তৃষা কেউই। ফলে অভিযোগ, গুঞ্জন ও বাস্তবতার মধ্যে বিভ্রান্তি থেকেই যাচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top