‘জাস্টিস ফর ইকরা’ দাবিতে বিএফডিসির সামনে মানববন্ধন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৯:২৪

সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা যাহের আলভী-এর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে রাজপথে নেমেছেন তার স্বজন ও সাধারণ মানুষ। বুধবার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে ‘জাস্টিস ফর ইকরা’ প্ল্যাটফর্মের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগানে মুখরিত কর্মসূচিতে ইকরার ঘনিষ্ঠ বান্ধবীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন থেকে অভিযুক্ত আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি-কে বয়কটের আহ্বান জানানো হয়।

ইকরার ঘনিষ্ঠজনদের অভিযোগ, আলভীর সঙ্গে তিথির কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয়। তাদের দাবি, সেই পরিস্থিতির কারণেই ইকরা আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হন।

মানববন্ধনে অংশ নেওয়া ইকরার এক বান্ধবী বলেন, ইকরার ব্যবহৃত মোবাইল ফোন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংরক্ষিত আছে। তাদের কাছে ফোনটির পাসওয়ার্ডও রয়েছে, যা দিলে তদন্তকারীরা সহজেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, তিথিকে কেন মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এ ধরনের ঘটনার বিচারের জন্য দেশে আইন নেই কি না।

অন্যদিকে আত্মগোপনে থাকা যাহের আলভী গত সোমবার দিবাগত রাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, মানুষ গল্পের এক পাশ শুনেই তাকে বিচার করছে। পুরো ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয় বলেও দাবি করেন তিনি।

ইকরার মৃত্যুকে ঘিরে চলমান বিতর্ক ও পাল্টাপাল্টি বক্তব্যে বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তদন্তের অগ্রগতি ও আইনি প্রক্রিয়ার দিকে নজর সবার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top