বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ, লাইভে এসে ব্যাখ্যা দিলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৫:৩২

সংগৃহীত

অভিনেত্রী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ ঘিরে গত দুদিন ধরে সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী তানজিন তিশা। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে শুটিং সেট থেকেই ফেসবুক লাইভে আসেন তিনি।

বুধবার গভীর রাতে মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ শিরোনামের একটি ফিকশনের শুটিং চলাকালীন পুরো টিমকে সঙ্গে নিয়ে লাইভে হাজির হন তানজিন তিশা। শুরুতেই দর্শকদের সালাম জানিয়ে তিনি বলেন, গত দুদিন ধরে তাকে নিয়ে সামাজিকমাধ্যমে যে অপপ্রচার চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং এতে অনেকেই ভুল বুঝছেন।

তিশা বলেন, “এখানে অনেক রাত। আমরা এখনো মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’র শুটিং করছি। গত দুদিন আমাকে নিয়ে যে কুৎসা রটানো হচ্ছে, তাতে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই মনে করেছি, সময় নষ্ট না করে এখনই বিষয়টি নিয়ে কথা বলা উচিত। আমি সাধারণত এভাবে লাইভে আসি না, কিন্তু পরিস্থিতির কারণে আসতে হয়েছে।”

সামিয়া অথৈর অভিযোগ প্রসঙ্গে তিশা বলেন, যদি তিনি সত্যিই আঘাত পেয়ে থাকেন, তাহলে শিল্পীদের সংগঠনের কাছে অভিযোগ জানাতে পারতেন। “এক-দুটি থাপ্পড়ে যদি তিনি বেশি ব্যথা পেয়ে থাকেন, তাহলে আমাদের সংগঠন রয়েছে, সেখানে জানাতে পারতেন। আমি সেটি মেনে নিতাম। কিন্তু তিনি সরাসরি লাইভে এসে বিষয়টি সবার সামনে তুলে ধরেছেন,” বলেন তিনি।

লাইভে তিশার পাশে ছিলেন ‘পুতুলের বিয়ে’ ফিকশনের নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তিনি বলেন, অথৈ বিভিন্ন সাক্ষাৎকারে এমন কিছু ব্যক্তিগত অভিযোগ করেছেন যা করা ঠিক হয়নি। রিংকুর ভাষ্য, “তিনি অভিযোগ করেছেন যে তার এক সহকর্মী নাকি সেটে গাজা খেয়ে শুটিং করেন। এমন ব্যক্তিগত অভিযোগ থাকলে শিল্পী সংগঠনের কাছে জানানো উচিত ছিল।”

তানজিন তিশা আরও অভিযোগ করেন, ফেসবুক লাইভে সামিয়া অথৈ ইচ্ছাকৃতভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। তার দাবি, পুরো ঘটনাটি পরিকল্পিতভাবে করা হয়েছে।

তিনি বলেন, “তিনি আমার সঙ্গে আরও একজন অভিনেতার নাম নিয়েছেন। সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমার সম্মানহানি হয়েছে বলে মনে করি। তাই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে এই ঘটনাকে ঘিরে সামাজিকমাধ্যমে ভিন্নমতও দেখা গেছে। কেউ তিশার বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ সামিয়া অথৈর পক্ষেও কথা বলছেন। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনে আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top