হানিফ সংকেতকে অভিনন্দন জানালেন কুমার বিশ্বজিৎ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:১৯
দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নির্মাতা, সঞ্চালক ও লেখক একেএম হানিফ সংকেত এবার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ (স্বাধীনতা পদক) পেতে যাচ্ছেন। সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
চলতি বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সেখানে সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য হানিফ সংকেতের নাম ঘোষণা করা হয়েছে।
এই খবরে আনন্দ প্রকাশ করেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী ও সুরকার কুমার বিশ্বজিৎ। প্রিয় বন্ধুকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘বন্ধু, তোর স্বাধীনতা পদক প্রাপ্তিতে আমি ভীষণ আনন্দিত। তোর জন্য রইল অনেক ভালোবাসা আর শুভকামনা।’
দীর্ঘদিন ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে সমাজ সচেতনতা ও সুস্থধারার বিনোদন উপহার দিয়ে আসছেন হানিফ সংকেত। তার এই অনুষ্ঠান দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করার পাশাপাশি কোটি দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।
রাষ্ট্রীয় এই স্বীকৃতির খবর প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনের তারকা থেকে শুরু করে সাধারণ দর্শকরাও সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন হানিফ সংকেত। তিনি লিখেছেন, ‘সুহৃদ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে স্বাধীনতা পদকে ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়। যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘযাত্রা সম্ভব হয়েছে, এই অর্জন তাদের সবার।’
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।