ঈদে বড় পর্দায় আসছে ‘দম’, টিজারে রহস্য আর বেঁচে থাকার লড়াইয়ে আফরান নিশো
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৯:৪৯
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা দম (বাংলাদেশি চলচ্চিত্র)। সম্প্রতি প্রকাশিত ৫৪ সেকেন্ডের ফার্স্টলুক টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। রোববার প্রকাশিত এই টিজারে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দেখা গেছে এক ভিন্ন ও চমকপ্রদ রূপে।

সংক্ষিপ্ত টিজারজুড়ে উঠে এসেছে ভয়, নির্যাতন এবং বেঁচে থাকার মরিয়া সংগ্রামের গল্প। রহস্যময় এক ঘটনার পর পাহাড়ি ও মরুভূমির মতো দুর্গম পরিবেশে পথ হারিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় নিশোকে। সিনেমাটিতে তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর। চরিত্রটির চোখেমুখে আতঙ্ক আর চারপাশে বিপদের ছায়া স্পষ্ট। এক পর্যায়ে অস্ত্রধারী একটি দল তাকে আটক করে এবং নির্মম নির্যাতনের শিকার হতে দেখা যায়।
টিজারে ক্লান্ত, রুগণ ও আতঙ্কিত এক লুকে ধরা দিয়েছেন নিশো। অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতেও ফুটে উঠেছে অনিশ্চয়তা ও ভয়। একই সঙ্গে বন্দি অবস্থায় দেখা যায় অভিনেতা চঞ্চল চৌধুরীকে। টিজারের লোকেশন ও ভিজ্যুয়ালও দর্শকের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। প্রতিটি দৃশ্য যেন প্রশ্ন তোলে— কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ?

টিজারের শেষ মুহূর্তে শোনা যায় একটি সংলাপ, সেটিও নিশোর কণ্ঠে— “আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখো?” সংক্ষিপ্ত এই সংলাপ টিজারজুড়ে তৈরি হওয়া রহস্যকে আরও ঘনীভূত করেছে বলে মনে করছেন দর্শকরা।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। ছবিটির বেশিরভাগ শুটিং হয়েছে কাজাখস্তান-এ এবং বাকি অংশ ধারণ করা হয়েছে বাংলাদেশ-এ।
নির্মাতা রনি বলেন, “দম এখন আর শুধু আমাদের সিনেমা নয়, এটি সবার। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারলেই আমরা সার্থক হব। টিজারটি মূল সিনেমার একটি ঝলক মাত্র। দুর্গম লোকেশনে এমন ভিজ্যুয়াল হয়তো বাংলাদেশের সিনেমায় আগে খুব কমই দেখা গেছে।”

অভিনেতা আফরান নিশো বলেন, “দম একটি সারভাইভাল স্টোরি এবং খুবই আবেগঘন গল্প। এমন একটি সিনেমা তৈরি করতেও সাহস ও দৃঢ়তা লাগে, যা আমাদের পুরো টিম মিলে দেখিয়েছে।”
সিনেমাটিতে পূজা চেরীর চরিত্রের নাম ‘রানি’। চরিত্রটি সম্পর্কে তিনি বলেন, “রানি খুবই দৃঢ় ব্যক্তিত্বের একটি চরিত্র। টিজারে তার লুক মাত্র দেখা গেছে। চরিত্রটির বেশ কয়েকটি স্তর রয়েছে, যা দর্শকরা সিনেমা দেখলেই বুঝতে পারবেন।”
ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এবং চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, প্রায় আড়াই বছর ধরে সিনেমাটি নিয়ে কাজ করা হয়েছে এবং বাংলা সিনেমাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি। আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।