মঞ্চে গান গাইতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন সুনিধি চৌহান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:১১
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। মঞ্চে দাঁড়িয়ে হাজারো দর্শকের সামনে প্রাণ খুলে গান গাইছিলেন তিনি। চারদিকে করতালি, উচ্ছ্বাস আর ভক্তদের ভালোবাসায় মুখরিত ছিল কনসার্টের পরিবেশ। কিন্তু হঠাৎই বদলে যায় সেই মুহূর্তের আবহ— গান গাইতে গাইতেই মঞ্চে কান্নায় ভেঙে পড়েন এই শিল্পী। কণ্ঠ থেমে যায়, চোখ ভরে ওঠে অশ্রুতে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি একটি কনসার্টে গান পরিবেশনের সময় হঠাৎ কণ্ঠরোধ হয়ে আসে সুনিধি চৌহানের। এ সময় তিনি দর্শকদের কাছে ক্ষমা চান এবং আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
মঞ্চেই তিনি জানান, তার গলার অবস্থা অত্যন্ত খারাপ এবং শারীরিক ও মানসিকভাবে তিনি গান গাওয়ার মতো অবস্থায় নেই। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, “আমার সঙ্গে আগে কখনো এমন ঘটেনি। বিষয়টি খুবই অস্বস্তিকর। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ পারছি না।”
ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মঞ্চেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং গান চালিয়ে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
উল্লেখ্য, মাত্র চার বছর বয়স থেকেই মঞ্চে গান গাওয়া শুরু করেন সুনিধি চৌহান। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বলিউডে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তার গাওয়া ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ এবং ‘শিলা কি জওয়ানি’র মতো অনেক গান শ্রোতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।