তেলের পাম্প বন্ধ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:১২

সংগৃহীত

পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরিকে কেন্দ্র করে যখন মানুষের ব্যস্ততা বাড়ে, ঠিক সেই সময় দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে জ্বালানি তেলের পাম্প বন্ধ থাকার ঘটনায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি নিজের ফেসবুক স্ট্যাটাসে শবনম ফারিয়া রমজানের সময় এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, রমজান একটি পবিত্র মাস। এ সময় মানুষ রোজা রেখে কাজ করে এবং দিনের শেষে দ্রুত বাসায় ফিরতে চায়। অথচ ঠিক এই সময়েই হঠাৎ করে বিভিন্ন স্থানে তেলের পাম্প বন্ধ দেখা যাচ্ছে।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, সরাইল থেকে ঢাকায় ফেরার পথে তিনি দেখেছেন প্রায় সব তেলের পাম্পই বন্ধ ছিল। আবার বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে তাদের নিয়মিত যে পাম্প থেকে তেল নেওয়া হয়, সেটিও বন্ধ ছিল। এতে রাস্তায় দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়েছে, শুধু তেল নেওয়ার জন্যই মানুষকে অপেক্ষা করতে হচ্ছে।

অভিনেত্রীর প্রশ্ন, যদি দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত থাকে, তাহলে হঠাৎ করে এ ধরনের ভোগান্তি কেন তৈরি হচ্ছে? এ বিষয়ে কোনো স্পষ্ট কারণ বা ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন ইচ্ছাকৃতভাবে একটি সংকট তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট বাড়িয়ে দেওয়াটা কি এখন নতুন স্বাভাবিক— এমন প্রশ্নও তুলেছেন তিনি।

শবনম ফারিয়ার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার পোস্টের নিচে অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে তেলের পাম্প বন্ধ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় দেশের বিভিন্ন স্থানে চালক ও যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। কোথাও তেল পেতে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে, আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top