সাইবার বুলিং ও হুমকির অভিযোগে জিডি করলেন ইফফাত আরা তিথি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ১৫:১৪

সংগৃহীত

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার পর ঘটনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাইবার বুলিং এবং হত্যার হুমকির শিকার হয়ে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজ ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তিথি জানিয়েছেন, তিনি ইতিমধ্যে সাইবার বুলিং, হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা তৈরি ছবি ব্যবহার, এবং তার পরিবার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। অভিযোগের মধ্যে বলা হয়েছে, তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অপমানজনক বক্তব্য ছাড়াও হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও জনসমক্ষে প্রকাশ করা হয়েছে, যা তার এবং পরিবারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রমাণাদি ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে।

ভবিষ্যতে এমন মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিথি। তিনি দেশের প্রচলিত আইনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে বলেছেন, যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, তবে আদালতের মাধ্যমে তার বিচার হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। এছাড়া, যারা এই ধরনের সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

 

এনএফ৭১/ওতু




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top