বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

রহস্যের নতুন অধ্যায় নিয়ে আসছে ‘চক্র–২’, পোস্টারেই শিহরণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:২৯

সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। গত বছর প্রথমবারের মতো ওটিটি কনটেন্টে অভিনয়ের মাধ্যমে নতুন যাত্রা শুরু করেন তিনি। চক্র নামের সেই সিরিজেই তার ওটিটি অভিষেক ঘটে। এতে তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ এবং সিরিজটি নির্মাণ করেন ভিকি জাহেদ।

প্রথম সিজন মুক্তির পরই দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয় ‘চক্র’। তখনই নির্মাতা ও সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, গল্পের রহস্য আরও গভীরভাবে তুলে ধরতে আসবে দ্বিতীয় সিজন। সেই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘চক্র–২’-এর জন্য অপেক্ষার কথা জানিয়ে আসছিলেন দর্শকরা।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে চক্র-২-এর প্রথম পোস্টার। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিরিজটির টিম এই পোস্টার প্রকাশ করে। পোস্টারে লেখা রয়েছে— “শয়তান খোঁজে সুখী পরিবার”।

পোস্টারটি প্রকাশের পর থেকেই তৈরি হয়েছে শিহরণজাগানিয়া এক পরিবেশ। ভয়াবহ সেই পোস্টারে দেখা যায় একটি মাথাবিহীন রক্তাক্ত শরীর। এক হাতে রক্তমাখা চাপাতি, অন্য হাতে ধরা রয়েছে কব্জি কাটা একটি হাত। নাভির চারপাশে গভীর ক্ষতের চিহ্ন—যা পুরো পোস্টারটিকে করে তুলেছে আরও রহস্যময় ও ভীতিকর। জানা গেছে, পোস্টারের সেই মাথাবিহীন শরীরটি আসলে অভিনেতা তৌসিফ মাহবুবেরই।

তবে পোস্টারটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকে ধারণা করেন এটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে তৌসিফ মাহবুব বলেন, পোস্টারটিতে এআইয়ের কোনো ব্যবহার নেই। শুধু পেটের ক্ষতটুকু গ্রাফিক্সের মাধ্যমে করা হয়েছে। বাকি রক্তাক্ত শরীর, চাপাতি ও কাটা হাত—সবই বাস্তবে শুট করা হয়েছে।

তিনি আরও বলেন, দর্শকদের জন্য এবার আরও ভয়াবহ ও রহস্যময় অভিজ্ঞতা অপেক্ষা করছে। এমন একটি কনটেন্ট দেখার জন্য সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, যা রাতের ঘুমও নষ্ট করে দিতে পারে।

সংশ্লিষ্টদের মতে, প্রথম সিজনে ময়মনসিংহের এক অভিশপ্ত ‘আদম’ পরিবারের রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে গল্প এগিয়েছিল। সিজনের শেষভাগে যখন রহস্য চরম উত্তেজনায় পৌঁছায়, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন সিজনের গল্প। এবার দর্শকদের সামনে উন্মোচিত হতে পারে সেই পরিবারের পেছনের প্রকৃত সত্য এবং আরও জটিল এক সাইকোলজিক্যাল গেম।

নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির লক্ষ্যেই নির্মিত হয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন। এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম iScreen-এ।

উল্লেখ্য, প্রায় ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনার অনুপ্রেরণায় নির্মিত হয়েছিল ‘চক্র’। সেই আলোচিত ঘটনার পেছনের অজানা সত্যের অনুসন্ধানই এবার তুলে ধরা হবে ‘চক্র–২’-এ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top