বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

রাশিয়ান মডেল মনিকা কবিরকে গ্রেফতারের দাবি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:৩১

সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় এক সাধারণ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট ক্রিয়েটর মনিকা কবির। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা কবির রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছাকাছি দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকান। এতে ক্ষিপ্ত হয়ে মনিকা ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। ঘটনাটির আরেকটি আলোচিত দিক হলো, মারধরের পর তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়।

ঘটনার পরপরই মনিকা নিজেই ভিডিওটি তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন বলে জানা গেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের অনেকেই এই আচরণের তীব্র সমালোচনা করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অনেকের অভিযোগ, শুধুমাত্র ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই তিনি ভিডিওটি আপলোড করেছেন। তাই তাকে দ্রুত আইনের আওতায় আনারও দাবি তুলেছেন তারা।

তবে পুরো ঘটনার বিষয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মনিকা কবির। তার দাবি, ওই ব্যক্তি তার খুব কাছ দিয়ে যাওয়ার সময় বাজে শব্দ উচ্চারণ করেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেন। শুধু তাই নয়, তার অভিযোগ অনুযায়ী ওই ব্যক্তি আপত্তিকরভাবে তার গায়ে হাত দেন এবং তাকে নিয়ে বাজে মন্তব্যও করেন।

মনিকা আরও জানান, পুরো ঘটনার ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চললেও এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top