বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

লোকসানের পর শাকিবের সিনেমা দিয়ে আবার চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৮:৩২

সংগৃহীত

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হতে যাচ্ছে বগুড়ার আধুনিক সিনেমা হল ‘মধুবন সিনেপ্লেক্স’। টানা লোকসানের কারণে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাওয়া এই সিনেপ্লেক্সটি আসন্ন ঈদুল ফিতর থেকে নতুন করে দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। উদ্বোধনী প্রদর্শনী হিসেবে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শিত হবে।

হল কর্তৃপক্ষ জানায়, বন্ধ থাকার কয়েক মাসের মধ্যে হলটি সাময়িকভাবে কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা হয়েছিল। তবে সিনেমা হলটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

মধুবন সিনেপ্লেক্সের মালিক আর এম ইউনুস রুবেল গণমাধ্যমকে জানান, মাসের পর মাস লোকসান গুনতে গুনতে তারা বাধ্য হয়ে হলটি বন্ধ করেছিলেন। তবে এই হলের সঙ্গে তাদের পারিবারিক আবেগ জড়িয়ে আছে বলেই পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি সিনেপ্লেক্স টিকিয়ে রাখতে নিয়মিত ভালো সিনেমা প্রয়োজন।

তিনি আরও আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার গঠনের পর দেশীয় চলচ্চিত্রের পাশাপাশি মানসম্মত বিদেশি সিনেমা আমদানির উদ্যোগ নেওয়া হলে হল মালিকরা কিছুটা স্বস্তি পাবেন।

একসময় বগুড়া জেলায় মোট ৩৮টি সিনেমা হল চালু ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেই সংখ্যা কমে বর্তমানে দাঁড়িয়েছে মাত্র ৭টিতে। এরই মধ্যে ৩১টি সিনেমা হল চিরতরে ভেঙে ফেলা হয়েছে। এমন পরিস্থিতিতে মধুবন সিনেপ্লেক্সের পুনরায় চালু হওয়ার খবর স্থানীয় সিনেমাপ্রেমীদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top