মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

ঢাকাই চলচ্চিত্রের প্রিয় নায়িকা দিতির জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৫:৩৫

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দিতি। গ্ল্যামার, অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্বের সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন দর্শক ও সহশিল্পীদের প্রিয় মুখ। আজ, মঙ্গলবার (৩১ মার্চ), দিতির জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করছেন ভক্তরা ও সহকর্মীরা।

প্রায় চার দশক আগে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন দিতি। অল্প সময়ের মধ্যেই একের পর এক সিনেমায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দর্শকপ্রিয়তার পাশাপাশি সহকর্মীদের মধ্যেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক এক সাক্ষাৎকারে বলেছেন, "দিতি আমাকে বাবা বলে ডাকত। তার স্বামী সোহেল চৌধুরী ও আমার ছেলে বাপ্পা একসঙ্গে পড়াশোনা করেছে। সে আমাদের পরিবারেরই একজন হয়ে উঠেছিল।"

চিত্তাকর্ষক ব্যক্তিগত জীবনেরও দিতি বিশেষভাবে আলোচিত। চিত্রনায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তাদের সংসারে জন্ম হয় দুই সন্তান—লামিয়া ও দীপ্ত। স্বামীর প্রয়াণের পর পরবর্তীতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন, যদিও সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। তবে পর্দায় এই জুটির অভিনয় রসায়ন দর্শক প্রিয় ছিল।

ইলিয়াস কাঞ্চন বলেন, "আমাদের প্রথম ছবি ছিল ‘ভাই-বন্ধু’। এরপর প্রায় ৩০টির মতো সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি। দিতি ছিলেন একজন নিখুঁত অভিনেত্রী। তিনি জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।"

পারভীন সুলতানা দিতি ১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৪ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও তার প্রথম ছবি ‘ডাক দিয়ে যাই’ মুক্তি পায়নি। পরে ‘আমিই ওস্তাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে।

দীর্ঘ ৩১ বছরের ক্যারিয়ারে দিতি শুধু সিনেমাতেই সীমাবদ্ধ ছিলেন না। নাটক, পরিচালনা, রান্নাবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা, গান—সব ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার একক গানের অ্যালবাম প্রকাশিত হয় এবং বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন তিনি।

দীর্ঘ অসুস্থতার পর ২০১৬ সালের ২০ মার্চ দিতি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছামতো তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দত্তরপাড়া গ্রামে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়।

গ্ল্যামার, অভিনয় ও ব্যক্তিত্ব—সব মিলিয়ে পারভীন সুলতানা দিতি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি আজও দর্শকদের হৃদয়ে অমলিন হয়ে আছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top