বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

নতুন নাটক নিয়ে চমক দিলেন দানিশ তাইমুর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা দানিশ তাইমুর শিগগিরই তার নতুন সিরিয়াল নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সাহসী অন-স্ক্রিন রোমান্স ও আলোচিত নাটকে অভিনয়ের জন্য আলাদা পরিচিতি পাওয়া এই অভিনেতা সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গে তার আসন্ন প্রজেক্টের বিস্তারিত শেয়ার করেছেন।

প্রথমে নাটকটির নাম ‘নিস্তার’ বলে শোনা গেলেও, দানিশ তাইমুর জানিয়েছেন—এটি চূড়ান্ত নাম নয়। খুব শিগগিরই অফিসিয়ালি নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

ভিডিও বার্তায় দানিশ বলেন, তার সঙ্গে এই নাটকে অভিনয় করবেন আনমোল বালোচ ও নাইমা বাট। তিনি আরও জানান, শক্তিশালী গল্পকে জীবন্ত করে তুলতে নাটকটিতে আরও কয়েকজন তারকা যুক্ত রয়েছেন।

নাটকটিতে দানিশের সঙ্গে পর্দা ভাগ করবেন আনমোল বালোচ, যিনি ‘এক সিতাম অউর’, ‘সিফ তুম’ ও ‘মান আংগান’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন।

নাটকের নাম নিয়ে ভক্তদের আগ্রহের জবাবে দানিশ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে “নিস্তার” নামটি ঘুরছে, সেটি আসল নাম নয়। আমরা এখনও নাম ঠিক করিনি। খুব শিগগিরই জানানো হবে।’ পাশাপাশি ভক্তদের কাছ থেকে নামের প্রস্তাবও চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ইনস্টাগ্রামে দানিশ তাইমুরের প্রায় ৮.৯ মিলিয়ন অনুসারী রয়েছে। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘দিওয়াঙ্গি’, ‘ক্যায়সি তেরি খুদগারজি’, ‘জান নিসার’, ‘আব দেখ খুদা কেয়া করতা হ্যায়’, ‘তেরি ছাওঁ মেঁ’ ও ‘ইশক হ্যায়’। এছাড়া ‘শের’ ও ‘মন মাস্ত মালাং’-এর মতো সাম্প্রতিক নাটকেও তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ২০১৫ সালে ইয়াসির জাসওয়াল পরিচালিত থ্রিলার ‘জালাইবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top