খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্যে জয়া আহসান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০৪
বাংলাদেশ ও ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন ও খাদ্যাভ্যাস নিয়ে খোলামেলা মন্তব্যের কারণে। ভিন্নধারার সিনেমায় নিয়মিত কাজের পাশাপাশি ফিটনেস ও লাইফস্টাইল সচেতনতার জন্যও তিনি দর্শকের নজরে থাকেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানান, গত কয়েক বছর ধরে তিনি নিজেকে ধীরে ধীরে ‘প্যাস্কিটারিয়ান’ জীবনধারার দিকে গড়ে তোলার চেষ্টা করছেন। তবে কঠোর ডায়েট নয়, বরং নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী খাবার খেতেই তিনি বেশি পছন্দ করেন।
তার ভাষায়, তিনি খেতে ভালোবাসেন এবং খাবারের মাধ্যমে মানসিক তৃপ্তিও খুঁজে পান। অনেক সময় বিদেশি ডায়েট ফলো করার চেয়ে নিজের মতো করেই খাবার গ্রহণ করেন বলে জানান এই অভিনেত্রী।
তবে সময়ের সঙ্গে তার খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন জয়া। তিনি জানান, বর্তমানে মাছ বা ডিম খেতেও অনেক সময় অস্বস্তি বোধ করেন, কারণ প্রাণী অধিকার নিয়ে কাজ করার পর থেকে তার মধ্যে এই অনুভূতি আরও গভীর হয়েছে।
তিনি আরও বলেন, প্রাণী হত্যা নিয়ে চিন্তা থেকেই অনেক খাবার খেতে এখন মানসিক দ্বিধা তৈরি হয় তার মধ্যে।
তবে পুষ্টির বিষয়েও সচেতন জয়া। বিশেষ করে নারীদের জন্য নিয়মিত প্রোটিন গ্রহণ জরুরি বলে তিনি মনে করেন।
খাবার প্রসঙ্গে মজার ছলে তিনি বলেন, শুটিং সেটে শিঙাড়া, কাঁচামরিচ ও পেঁয়াজ না থাকলে তার দিন ভালো যায় না—এগুলো তার “শুটিংয়ের জাতীয় খাবার”।
এছাড়া প্রতিদিন সকালে মায়ের হাতে বানানো এক কাপ দুধ চা তার রুটিনের অপরিহার্য অংশ বলেও জানান তিনি।
সব মিলিয়ে, ব্যক্তিজীবনের খাদ্যাভ্যাস ও মানসিক পরিবর্তনের কথা প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।