কানাডার অভিনেতা রিচার্ড ডোনাট মারা গেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৮:১০
কানাডার তারকা অভিনেতা রিচার্ড ডোনাট মারা গেছেন। গত ২৮ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে।
মৃত্যুর সময় তিনি সঙ্গী থমাস, দুই ছেলে ওয়েন ও মরগান এবং চার নাতি-নাতনি রেখে গেছেন। নোভা স্কোশিয়ার ব্রিজওয়াটারের বাসিন্দা এই অভিনেতা দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করেছেন।
রিচার্ড ডোনাটের পারিবারিক ঐতিহ্যও ছিল সমৃদ্ধ। তার চাচা ছিলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট ডোনাট, যিনি ‘দ্য থার্টি নাইন স্টেপস’ (১৯৩৫) এবং ‘গুডবাই, মিস্টার চিপস’ (১৯৩৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। তার বড় ভাই পিটার ডোনাট-ও একজন পরিচিত মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ছিলেন, যিনি ‘দ্য এক্স-ফাইলস’-এ ফক্স মুল্ডারের বাবার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
রিচার্ড ডোনাট ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত টিভি সিরিজ ‘হ্যাভেন’-এ ভিন্স টিগস চরিত্রে অভিনয় করেন, যা স্টিফেন কিংয়ের গল্প অবলম্বনে নির্মিত। তিনি আরও অভিনয় করেছেন ‘এমিলি অব নিউ মুন’, ‘ব্ল্যাকফ্লাই’, ‘টুমোরো নেভার কামস’, ‘মাই আমেরিকান কাজিন’ এবং ‘অ্যামেলিয়া’সহ বিভিন্ন চলচ্চিত্র ও সিরিজে।
১৯৪১ সালের ১ জুন নোভা স্কোশিয়ার কেন্টভিলে জন্ম নেওয়া রিচার্ড ডোনাট ১৯৬৭ সালে কানাডার ন্যাশনাল থিয়েটার স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি টরন্টোতে থিয়েটার ও টেলিভিশনে কাজ শুরু করেন এবং ১৯৭৪ সালে ব্রডওয়েতে অভিষেক ঘটে।
অভিনয়ের পাশাপাশি তার কণ্ঠস্বরের জন্যও তিনি পরিচিত ছিলেন। প্রতি বড়দিনে তিনি রেডিওতে কবিতা আবৃত্তি করতেন। থিয়েটারে অবদানের জন্য তিনি ‘ডোরা মেভর অ্যাওয়ার্ড’-সহ একাধিক স্বীকৃতি লাভ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।