প্রথমবার একই মঞ্চে ‘মেঘদল’ ও ‘চন্দ্রবিন্দু’, কলকাতায় বিশেষ কনসার্ট
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৮
দুই বাংলার তরুণদের কাছে জনপ্রিয় সংগীতদল ‘মেঘদল’ ও ‘চন্দ্রবিন্দু’ প্রথমবারের মতো একই মঞ্চে গান শোনাতে যাচ্ছে। ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য একটি বিশেষ কনসার্টে অংশ নেবে ব্যান্ড দুটি।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘মেঘদল’-এর ভোকাল শিবু কুমার শীল। তিনি জানান, ‘চন্দ্রবিন্দু’ তাদের জন্য বরাবরই অনুপ্রেরণার একটি বড় নাম। সংগীতজীবনের শুরুতে তারা এই ব্যান্ডের গান গেয়েই মঞ্চে পারফর্ম করতেন। সেই জায়গা থেকে একসঙ্গে মঞ্চ ভাগাভাগি করার সুযোগকে তিনি সম্মান ও আবেগের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
শিবু কুমার শীল বলেন, এই আয়োজনের খবর জানার পর ব্যান্ডের সদস্যদের মধ্যে আনন্দ, গর্ব এবং এক ধরনের গভীর আবেগ কাজ করছে। তাদের জন্য এটি একটি বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট। যদিও নির্দিষ্ট ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে দুই ব্যান্ডের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

‘মেঘদল’ ব্যান্ডের ঝুলিতে রয়েছে ‘এ হাওয়া’, ‘নেফারতিতি’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘নির্বাণ’, ‘না বলা ফুল’, ‘তবু’, ‘শহুরে জোনাক’, ‘পাথুরে দেবী’ ও ‘এসো আমার শহরে’র মতো জনপ্রিয় গান। বর্তমানে মঞ্চকেন্দ্রিক ব্যস্ত সময় পার করছে দলটি।
বর্তমানে ‘মেঘদল’-এর লাইনআপে রয়েছেন— শিবু কুমার শীল, মেজবাউর রহমান সুমন, রাশিদ শরীফ শোয়েব, আমজাদ হোসেন, এম জি কিবরিয়া, তানভীর দাউদ রনি ও সৌরভ সরকার।
অন্যদিকে, ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডটি দীর্ঘ সময় ধরে বাংলা গানে বিশেষ অবস্থান ধরে রেখেছে। ‘ভিনদেশী তারা’ ও ‘বন্ধু তোমায় এ গান শোনাব’—এর মতো গান দিয়ে নব্বইয়ের প্রজন্মের স্মৃতিতে জায়গা করে নিয়েছে দলটি। প্রায় সাড়ে তিন দশকের সংগীতযাত্রা পেরিয়ে এখনও সমান জনপ্রিয়তা ধরে রেখেছে ব্যান্ডটি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।