কালবৈশাখীর আভাস, সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৭:৪১
দেশের উত্তরাঞ্চলে আজ (বুধবার, ৬ মে) কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়, সন্ধ্যার আগেই উত্তরবঙ্গের একাধিক জেলায় দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত বার্তায় জানানো হয়, লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠেছে।
যেসব এলাকায় ঝড়ের আশঙ্কা
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা ও বগুড়া অঞ্চলে আজ সন্ধ্যা ৬টার মধ্যে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের সম্ভাবনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাদেশের আবহাওয়া
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেও কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তীব্র গরমের মধ্যে এই বৃষ্টি সাময়িক স্বস্তি আনতে পারে বলে মনে করা হলেও, কালবৈশাখীর ঝড়ো হাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।