নতুন বছরের প্রথম দিনে ঢাকার আবহাওয়া যেমন থাকবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৮
নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখে ভোরের আকাশে মেঘের আনাগোনা থাকলেও ঢাকায় গরমের দাপট কমার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বৈশাখের প্রথম দিন ভোরে ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনবে না। ফলে দিনভর আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে।
সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবারও কাছাকাছি থাকতে পারে। এতে করে নগরবাসীকে ভ্যাপসা গরমের অস্বস্তি সহ্য করতে হতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জসহ পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই পরিস্থিতি আপাতত চলতে পারে।
বৈশাখী উৎসব ও বিভিন্ন আয়োজনে বাইরে বের হওয়ার সময় গরমের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি অতিরিক্ত রোদ এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পানি ও পানীয় গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।