বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত চেয়ে আইনি নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৯

ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি প্রেরণ করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে।

বৃহস্পতিবার জনস্বার্থে এ নোটিশ পাঠান মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট-এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির (পল্লব) ও ব্যারিস্টার মোহাম্মদ কাওছার।

নোটিশে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৬-এ সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা কোটা নির্ধারণ করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ৮০ শতাংশ বৃত্তি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে, যা মেধাভিত্তিক মূল্যায়নের পরিপন্থী।

এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষার্থীদের জন্য আলাদা প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে, যা একক মেধার ভিত্তিতে মূল্যায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে বলেও উল্লেখ করা হয়।

নোটিশদাতাদের দাবি, এ ধরনের বিধান সংবিধানের সমতা ও বৈষম্যবিরোধী নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি অযৌক্তিক শ্রেণিবিভাজন তৈরি করছে।

তারা আরও বলেন, বর্তমানে দরিদ্র শিক্ষার্থীদের জন্য সরকার উপবৃত্তি কার্যক্রম চালু রেখেছে। তাই মেধাভিত্তিক পরীক্ষায় আবারও প্রাতিষ্ঠানিক ভিত্তিতে কোটা ব্যবস্থা আরোপ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ।

নোটিশে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখা, নীতিমালার নির্দিষ্ট ধারা পুনর্বিবেচনা করা এবং সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top