দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩২

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানায় করা দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন ধার্য করেছিলেন।

অন্যদিকে, আরও পাঁচটি মামলায় আইভীর জামিন বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত আগামী রোববার (৩ মে) জানা যাবে। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

জানা যায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করা হয় এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করে। এর মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখিত মামলাগুলোর মধ্যে রয়েছে, ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরেকটি মামলা রয়েছে।

হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলে গত ৫ মার্চ চেম্বার আদালত জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর মধ্যেই আরও দুই মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়।

এ বিষয়ে আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এখন নজর রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top