বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

হরমুজ সংকট ঘিরে জ্বালানি বাজারে অস্থিরতা

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৪

ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৪ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ ডলারে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান অচলাবস্থা কাটাতে ‘সংক্ষিপ্ত ও শক্তিশালী’ সামরিক হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিগগিরই ব্রিফিং দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

যদিও এ বিষয়ে বিবিসির পক্ষ থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ড ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে অচলাবস্থা এবং ওয়াশিংটন-তেহরান উত্তেজনা তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলছে। চলতি সপ্তাহজুড়েই প্রায় প্রতিদিন তেলের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার পাশাপাশি হরমুজ প্রণালির কিছু অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও বিবেচনা করছে। তবে এ ধরনের পদক্ষেপ বাস্তবায়নে স্থলবাহিনী মোতায়েনের প্রয়োজন হতে পারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ ইরান হরমুজ প্রণালিতে নৌচলাচল বিঘ্নিত করে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করছে। এ পরিস্থিতিতে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছে ওয়াশিংটন।

এর আগে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায় এবং হরমুজ প্রণালিতে কার্যত অচলাবস্থা তৈরি করে।

বিশ্ববাজারে সরবরাহ সংকট দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতেও।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top