ভূমিকম্প মোকাবিলায় প্রধানমন্ত্রীর নতুন নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬, ১৩:১৯
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়েছে ভূমিকম্পের প্রবণতা। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসেই দেশের বিভিন্ন এলাকায় মোট ১০ বার ভূকম্পন অনুভূত হয়েছে। এমন পরিস্থিতিতে ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় রাজধানী ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।
মন্ত্রী বলেন, ভূমিকম্পের পর জরুরি আশ্রয়ের জন্য রাজধানীর খেলার মাঠ ও বিদ্যালয়গুলো চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক সমন্বিত পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এ পরিকল্পনা নিয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি মাসের শুরুতেই ঢাকাসহ আশপাশের এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩, যার উৎপত্তিস্থল ছিল সিলেট শহরের পূর্ব-দক্ষিণ-পূর্ব দিকে।
এরপর ৩ ফেব্রুয়ারি রাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এ দুটি ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। একইদিন ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলাকেন্দ্রিক আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ১।
৯ ও ১০ ফেব্রুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুটি ভূকম্পন অনুভূত হয়। ১৯ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ছাতক উপজেলাকেন্দ্রিক আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট অঞ্চল।
২৫ ফেব্রুয়ারি রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ১ মাত্রার জোরালো ভূমিকম্প অনুভূত হয়। পরদিন ৪ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন হয়। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি দুপুরে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলার দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে এবং গভীরতা ছিল মাটির নিচে প্রায় ৯ দশমিক ৮ কিলোমিটার। অগভীর হওয়ায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়।
সব মিলিয়ে ফেব্রুয়ারির শুরু থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ঘন ঘন এই কম্পনে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।