সরকারের সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়ানোর নির্দেশ মালিক সমিতির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৩:৪১

সংগৃহীত

দেশে ডিজেলের দাম বৃদ্ধি ও পরিবহন পরিচালনা ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারি অনুমোদন ছাড়া বাসভাড়া না বাড়াতে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি।

বুধবার (২২ এপ্রিল) সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে কোনো যাত্রী থেকে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না। দেশের সব রুটে চলাচলকারী বাস মালিক ও শ্রমিকদের এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।

তবে বিবৃতিতে পরিবহন খাতের বর্তমান চাপ ও সংকটের কথাও তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় অনেক বেড়ে গেছে। পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচও ব্যাপকভাবে বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতকে টিকিয়ে রাখতে এবং লোকসান কমাতে দ্রুত ও বাস্তবসম্মতভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছে মালিক সমিতি।

 

 এনএফ৭১/ ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top