সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়: ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১০:৩৮

ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা-কে সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্ত হত্যা যেন আর শুনতে না হয়- এ বিষয়ে ভারতীয় পক্ষকে বিশেষভাবে অবহিত করা হয়েছে।

রোববার (১ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান।

এর আগে ভারতের হাইকমিশনার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে প্রাণহানি রোধে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত বৈঠক অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। যতটা সম্ভব অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশনার আশ্বাস দিয়েছেন— তারাও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

ভারতীয় পর্যটন ভিসা কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত এক থেকে দেড় বছরে ভারতের কনসুলেট ও ভিসা কার্যালয় হামলার শিকার হওয়ায় পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। তবে ভারতীয় পক্ষ ধারাবাহিকভাবে ভিসা কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সৌজন্য সাক্ষাৎ করা কূটনৈতিক রীতির অংশ। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও লেনদেন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা বিষয়েও আলোচনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কসহ সব ক্ষেত্রে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। সার্বভৌম সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top