পুলিশ পুনর্গঠনে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৪:১৮
বাংলাদেশের পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপানের অভিজ্ঞতা ও সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিন-ইচির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী দেশ। দেশটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে মেট্রোরেল ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করেছে।
তিনি আরও বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত। জাপান ইতোমধ্যে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নিরাপত্তা কার্যক্রমে কাজ করেছে। ভবিষ্যতে পুলিশ সংস্কার ও পুনর্গঠনে জাপান আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে উপযুক্ত প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পুলিশ পুনর্গঠন, ট্রাফিক নিয়ন্ত্রণ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রদূত বলেন, ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক নিরাপত্তা প্রকল্পটি গত বছর শেষ হয়েছে। ভবিষ্যতেও পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের সঙ্গে আরও কাজ করতে আগ্রহী জাপান।
চলতি বছর হলি আর্টিজান হামলার দশ বছর পূর্ণ হবে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশে অবস্থানরত জাপানি নাগরিকদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ীসহ বাংলাদেশে বসবাসরত সব জাপানি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে। জাপানের পক্ষ থেকে যেকোনো অনুরোধ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।