মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৫:৫৬

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সমুদ্র উপকূল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় কোস্টগার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কার্যক্রমে বাহিনীর নিরলস প্রচেষ্টার স্বীকৃতি দিয়ে এসব কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন। জনগণের স্বার্থে উপকূলীয় এলাকায় কার্যক্রম অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে মহাপরিচালক কোস্টগার্ডের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। উন্নয়নের অগ্রগতি দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর আধুনিকায়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

সাক্ষাতের শেষ পর্যায়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ড সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, পেশাদারিত্বের মাধ্যমে কোস্টগার্ড দেশের সমুদ্রসীমায় অতন্দ্র প্রহরী হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top