মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ০৯:৩৫

ছবি: সংগৃহীত

দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন পল কাপুর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী এই কূটনীতিক মঙ্গলবার (৩ মার্চ) রাত আটটার পর দিল্লি হয়ে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরটি রাজনৈতিক গুরুত্ব বহন করলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের বিষয়টি বিশেষ অগ্রাধিকার পাবে। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, রাজনৈতিক বোঝাপড়া জোরদার, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক নানা ইস্যু—বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি—আলোচনায় গুরুত্ব পাবে।

সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে তার।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও তার মতবিনিময় হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এর আগে গত সোমবার এক বিবৃতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে তিনি নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top