সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১০:০১
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।
মঙ্গলবার (৩ মার্চ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে তার হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
সংস্থার পাঠানো চিঠিতে জানানো হয়েছে, লেনদেন সংক্রান্ত তথ্য তলবের ক্ষেত্রে অর্থপাচার প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আসিফ মাহমুদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করে তার হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি সংক্রান্ত তথ্য এবং লেনদেনের পূর্ণাঙ্গ বিবরণীসহ প্রয়োজনীয় সব দলিল তিন কার্যদিবসের মধ্যে সংস্থায় পাঠাতে বলা হয়েছে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হিসেবে পরিচিত। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন-এ অভিযোগ জমা পড়েছে। বর্তমানে সংস্থাটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই-বাছাই করছে।
এনএফ৭২/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।