বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:২৮

ছবি: সংগৃহীত

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তিনি এ শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার পর দিল্লি হয়ে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান পল কাপুর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, বুধবার (৪ মার্চ) তিনি পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্য উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময়ের কথা রয়েছে।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন পল কাপুর। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ঢাকায় পল কাপুরের সফর প্রসঙ্গে মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, এ সফরের উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। সফরকালে নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন পল কাপুর। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলে জাতীয় নিরাপত্তাবিষয়ক বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন এবং সেখান থেকে ছুটিতে আছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top