বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১৭:১৯

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ দিয়েছেন। বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করার তাগিদ দিয়েছেন। সরকারের মূলনীতি হলো স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

বৈঠকে সরকারি মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়েও আলোচনা হয়। আংশিক তথ্য অনুযায়ী, শুধু এলজিইডি-র এমন ১৭০টি ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এসব ভবন মেরামত করে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

বৈঠকে দেশের প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়। এছাড়া, ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ অনুপাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদে দ্রুত নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিশেষ তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top