বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ১৫ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১০:৩৬

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন আজ। বৃহস্পতিবার বিক্রি করা হচ্ছে আগামী ১৫ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

আগের মতো এবারও বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনা নিয়ে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ এবং ১৪ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৪ মার্চ। এছাড়া ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এছাড়া জানানো হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের অনুরোধে শীতাতপ নিয়ন্ত্রণবিহীন বগিতে মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। সে ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কোনো টিকিট ফেরতযোগ্য নয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top